স্টাফ রিপোর্টার : শেরপুরে সমকাল ৪র্থ জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। ৩০ এপ্রিল শনিবার শেরপুর আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপি প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ফৌজিয়া মতিন পাবলিক স্কুল। রানার্স আপ হয়েছে শেরপুর আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল। প্রতিযোগিতায় ৮ দলের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হয়েছে চ্যাম্পিয়ন দলের দলনেতা জান্নাতুল নাইমা বন্যা। এ দলের অন্য সদস্যরা হলো, ফারিহা মেহজাবিন খাওলা ও মাসহুরা জান্নাত স্বর্ণা। চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা হয়েছে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের দলনেতা নুসরাত জাহান আশা। অন্য সদস্যরা হলো তানভিন আলম নভী, ইফফাতি জান্নাত। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো দিশা প্রিপারেটরী এন্ড হাইস্কুল, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুকুল একাডেমী, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি হিসেবে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এনামুল হক। প্রিয় অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ, বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নূরল ইসলাম হিরু। বক্তব্য রাখেন আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের অধ্যক্ষ শিক্ষাবিদ মাহবুবুর রহমান সুজা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য।
দ্বিতীয় পর্বে সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ-সচিব) কবি ও প্রাবন্ধিক হাসানাত লোকমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। সুহৃদ সমাবেশের সদস্য শুভঙ্কর সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, শেরপুর সরকারি কলেজের সুহৃদ সভাপতি পলাশ আহমেদ, যুগ্ম সম্পাদক জাকীর হোসেন জয় প্রমুখ বক্তব্য রাখেন। ওইসময় বক্তারা বলেন, বিতর্ক মুক্তবুদ্ধির প্রেরণা দান করে। সমকাল নতুন প্রজন্মের চেতনাকে শানিত করতে বিতর্কের আয়োজন করে সামাজিক দায়বদ্ধতার মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছে। জয়তু সমকাল।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, মডেল গার্লস কলেজের সহকারি অধ্যাপক ও উদিচি জেলা সভাপতি তপন সারোয়ার, ডা. সেকান্দর আলী কলেজের প্রভাষক মো. শওকত জাহান, জেলা ডিবেটিং ক্লাবের বিতর্ক বিষয়ক সম্পাদক এমদাদুল হক রিপন।
অনুষ্ঠানের সার্বিক সহায়তা করে শেরপুর পৌর চাইল্ড ফোরামের সভাপতি আনসেং সাংমা, ডিবেটিং ক্লাবের সদস্য পাপিয়া জাহান পান্না, সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি উম্মে রুমান লালন।




