নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরে নকলা উপজেলার রেহাই অস্টধর চরভাবনা এলাকায় বারি মাসকালাই-৩ জাত আবাদের ওপর এক প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চাষী পর্যায়ে ডাল-তেল-পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন প্রকল্পের আওতায় ৭ ফেব্রুয়ারি রবিবার বিকেলে নকলা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এ মাঠ দিবসের আয়োজন করে। প্রদর্শনী প্লটের চাষী মো. হযরত আলী এবং কৃষি কর্মকর্তারা জানান, প্রচলিত দেশী জাতের চাইতে বারি মাসকালাই ফলনে বেশী, দানা বড় এবং পুষ্টিমানও অনেক বেশী। প্রচলিত জাতে একর প্রতি যেখানে ৬ মণ ফলন হয়েছে সেখানে বারি মাসকালাই-৩ জাতের আবাদ করে একর প্রতি ৯ মণ করে ফলন পেয়েছেন কৃষকরা। স্থানীয় কৃষক আতাউর রহমানের বাড়ী আঙিনায় অনুষ্ঠিত মাঠ দিবসে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবীর প্রধান অতিথি এবং সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সহকারী কৃষি অফিসার আনোয়ার হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেনের সঞ্চালনায় কৃষক আব্দুল মালেক সভাপতি করেন। মাঠ দিবসে শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।




