নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে আখ ক্ষেতে শেয়ালের উত্পাতের জন্য পাতা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এক কিশোর নিহত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কালাকুমা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জাকারিয়া হোসেন (১২) ওই গ্রামের মাজুম আলীর ছেলে।

নিহতের পারিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীর পাশের আখ ক্ষেতে কয়েকদিন যাবত রাতের বেলা শিয়ালের উত্পাত বেড়ে যাওয়ায় তা বন্ধ করতে বিদ্যুতের ফাঁদ পেতে রাখেন। কিন্তু বৃহস্পতিবার রাতে তার ভাতিজা জাকারিয়া হোসেন কয়েকজন বন্ধু সহ ওই ক্ষেত থেকে আখ আনতে যায়। এসময় শিয়ালের জন্য পাতা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই স্কুলছাত্র জাকারিয়া মারা যায়। পরে সহপাঠীদের নিকট থেকে সংবাদ পেয়ে রাতেই স্বজনরা জাকারিয়ার লাশ উদ্ধার করে।
স্থানীয় রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিয়ালের জন্য পাতা ফাঁদে জড়িয়ে জাকারিয়ার মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি আপস-মিমাংসা করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আমিনুল হক জানান, ঘটনাটি আমরা স্থানীয় চেয়ারম্যানের নিকট থেকে জেনেছি। বিষয়টি পারিবারিকভাবে মিমাংসা করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।




