ইয়ানুর রহমান (যশোর) প্রতিনিধি : শার্শার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’এর নির্যাতনে সিরাজুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত সিরাজুল ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
নিহত সিরাজুলের সহযোগী অন্যান্য গরু ব্যবসায়ীরা জানায়, রাতে সিরাজুলসহ অন্যান্য গরু ব্যবসায়ীরা ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে পুটখালী সীমান্তে বিএসএফ সদ্যসরা তাদের ধাওয়া করে। এ সময় গরু ব্যবসায়ীদের মধ্যে অন্যান্যরা পালিয়ে বাংলাদেশ অভ্যন্তরে ফিরে এলেও বিএসএফ সদস্যরা সিরাজুলকে ধরে আংরাইল ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তারা সিরাজুলের ওপর নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ ইছামতি নদীতে ফেলে দেয়।
এদিকে অন্যান্য গরু ব্যবসায়ীরা ফিরে এসে বিজিবি সদস্যদের জানালে তারা পরে সিরাজুলের লাশ উদ্ধার করে।
বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সিরাজুলের শরীরে রাইফেলের বাটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২৩ বিজিবির সিও লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, নির্যাতনের শিকার হয়ে সিরাজুল নিহত হয়েছেন। তবে এটা যে বিএসএফ করেছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই।




