আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার হেউলবুনিয়া গ্রামে বুধবার সকালে বেসরকারী সংস্থা ব্র্র্যাকের আয়োজনে জমিতে ভূট্টার ফসল কর্তন অনুষ্ঠিত হয়। কৃষক মোঃ রাজ্জাকের জমিতে কর্তন অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন বরগুনা উপজেলার নির্বাহী অফিসার গোলাম মোহাম্মদ ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, ব্র্যাকের সিনিয়র এগ্রোনোমিষ্ট জনাব মোঃ জহিরুল ইসলাম, ব্র্যাক বরগুনা সদরের সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল কবির, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান ও সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ লাকসুন্নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক এবং ব্লকের বাহিরের আমন্ত্রিত কৃষক/কৃষাণীরা। হেউলিবুনিয়া ব্লকে চাষীর সংখ্যা ৩৮ জন। জমির পরিমাণ ২৬.২৫ একর। হেউলিবুনিয়া গ্রামের কৃষক মোঃ রাজ্জাকের জমিতে ফসল কর্তনে বরগুনা উপজেলার নির্বাহী অফিসার ৯১.০৯ মন ভূট্টার ফলনের ঘোষণা দেন ১.০০ একর জমিতে। উপস্থিত কৃষক মোঃ রাজ্জাক বলেন ব্র্যাকের প্রশিক্ষণে সঠিক দূরত্বে ও পরিমিতি সার ব্যবহারে ভূট্টা আবাদে সব চাষীর মত তিনিও বাম্পার ফলন পেয়েছেন। এর আগে আমন মৌসুমের ধানেও তারা বাম্পার ফলন পেয়েছেন। বরগুনা উপজেলার নির্বাহী অফিসার গোলাম মোহাম্মদ ভূইয়া কৃষি জমির সর্বোত্তম ব্যবহারে ব্র্র্যাক ও ব্র্যাকের প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের চমৎকার ভূট্টা ফসল আবাদের ভূয়সী প্রশংসা করেন। আনাবাদী জমিগুলো আবাদের আওতায় আনার জন্য কৃষকদের পরামর্শ ও যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।

ব্র্যাক বরগুনা জেলায় ৫টি থানায় ৩১টি ইউনিয়নের ৭৯ টি গ্রামে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বরগুনা জেলায় ৫টি থানায় দুই ফসলী জমিকে তিন ফসলে রূপান্তরিত করার জন্য জরিপের মাধ্যমে সেচ ও নিষ্কাশন সুবিধাযুক্ত ১৮১৪.৬৫ একর জমিতে ৩টি মৌসুমে ফসল আবাদের জন্য ৩৩৫৪ জন চাষী নির্বাচিত হয়ে চলতি রবি মৌসুমে ফসল আবাদ করেছে। চলতি রবি মৌসুমে বরগুনা সদর উপজেলার ৬টি ইউনিয়নের ১৬ টি গ্রামে ৫৬৬.২৪ একর জমিতে ৮১৭ জন কৃষক ১৯টি কৃষি ব্লকে ফসল আবাদ করেছে। ২০টি ব্লকে ৭২২জন চাষী ৪৬৩.৮২ একর জমিতে হাইব্রিড সুর্যমুখী (জাতঃ হাইসান-৩৩), ৮৩.২৩ একর জমিতে ১১৪ জন চাষী হাইব্রিড প্যাসিফিক-৯৮৪ জাতের ভূট্টা এবং ৫৮.১৫ বিঘা জমিতে ৬১ জন চাষী হাইব্রিড করলা (জাতঃ বুলবুলি), ঢ়েঁড়শ (জাতঃ এভারগ্রীন), মিষ্টি কুমড়া (জাতঃ বিউটি), লাউ (জাতঃ গ্রীন সুপার) আবাদ করে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এম ডি জি) অর্জনের অংশ হিসেবে প্রনয়ণ করা হয়েছে ব্র্যাক খাদ্য ও নিরাপত্তা কর্মসূচিটি। কর্মসূচির সার্বিক লক্ষ্য হলো-বাংলাদেশে এমডিজি ১: চরম দারিদ্র এবং ক্ষুধা দূরীকরণ; টেকসই পরিবেশ উন্নয়ন নিশ্চিতকরণ প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে গ্লোবাল পার্টনার তৈরীকরণ। এই কর্মসূচি বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো টেকসই পরিবেশ বান্ধব কৃষি উন্নয়ন এবং উৎপাদনের জন্য খাদ্য নিরাপত্তা, অপুষ্টি, দারিদ্র ও ক্ষুধা দূরীকরণের মাধ্যমে এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন। এ ক্ষেত্রে শস্য বহুমুখীকরণ এবং নতুন কৌশল উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের দরিদ্র অধ্যুষিত এলাকায় খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য কৃষকদের সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান, দক্ষ কর্মী তৈরী ও কৃষকদের কারিগরি জ্ঞান বৃদ্ধির কাজ করা হচ্ছে।




