শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশের সঙ্গে যেকোন সময় দেন-দরবার শেষ করছেন কোচ শেন জার্গেনসেন। অনেক দিন পরিবার থেকে দূরে থাকায় এবার নিজ দেশ অস্ট্রেলিয়ায় থাকতে চান তিনি। নিজের সিদ্ধান্তে অটল থাকায় বিসিবিও জোরাজুরি করেনি। যত দ্রুত সম্ভব তাকে ছেড়ে দিচ্ছে বিসিবি। সেইসাখে নতুন কোচ খুজতে ৫ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে।
সোমবার বিসিবির জরুরী সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,‘আমরা আশা করি নতুন কোচ পেয়ে যাব। জার্গেনসেনের পদত্যাগপত্র পাওয়ার পর আমরা বসে নেই। যদি বিদেশি কাউকে না পাই তাহলে স্থানীয় কোনো কোচ দিয়ে ভারত সফরটা শেষ করব।’ তিনি আরও জানান, ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, কমিটিতে আছেন মাহবুব আলম, জালাল ইউনুস, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন।
প্রধান কোচ ছাড়াও অন্যান্য কোচের দিকে দৃষ্টি রয়েছে বিসিবি’র। ৫/৬ জনের সঙ্গে কথাও হয়েছে বোর্ডের। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়েও বিশেষজ্ঞ কোচের নিয়োগ দেওয়া হবে জানালেন নাজমুল।




