কুমিল্লা প্রতিনিধি : বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, কুমিল্লা স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী স্মারক হিসেবে বাংলা ১৪২১ সালের একটি সুদৃশ্য ক্যালেন্ডার প্রকাশ করেছে। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ তৎকালীন পূর্ববঙ্গে তথা বর্তমান বাংলাদেশে এসে যেসকল স্থানে গিয়েছিলেন সেসকল স্থানের সাথে সকলকে পরিচিত করানোই মূলত এ ক্যালেন্ডার প্রকাশের উদ্দেশ্য। ২৫ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় রামকৃষ্ণ মিশনে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ক্যালেন্ডারটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিলা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজী মহারাজ। সংগঠনের সভাপতি অধ্যাপক নারায়ণ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ড. বিশ্বজিৎ দেব, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ এম কে ঢালী এবং সংগঠনের গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক পরিমল কান্তি পাল। স্বাগত বক্তব্য প্রদান করেন গভর্ণিং বডির সহ-সভাপতি এডভোকেট প্রহ্লাদ দেবনাথ।




