চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জে এক সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ কালাম (৩০) নামের এক যুবক মারা গেছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। এরা হলেন শরীফ উদ্দীন (৩০) ও নিজাম উদ্দিন (২০)। নিহত মোহাম্মদ কালাম ও আহতদ্বয়ের বাড়ি সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামে। ২৫ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ফারুক হোসেন জানান, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরিষাডাঙ্গা গ্রামের শাহাদ আলীর ছেলে মোহাম্মদ কালাম, আইয়ুব আলীর ছেলে শরীফ উদ্দীন ও সুরত আলীর ছেলে নিজাম উদ্দীন একটি মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে সরিষাডাঙ্গা গ্রামে ফিরছিল। তারা নীলমণিগঞ্জ গ্রামে পৌছুলে একটি ইঞ্জিনচালিত করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর জখম হন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ কালাম।
ওসি আরো জানান, নিহত মোহাম্মদ কালামের অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় এবং তারা মামলা করবেন না বলে জানালে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ময়না তদন্ত ছাড়াই তারা লাশ নিয়ে গেছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন জানান, আহত শরীফ উদ্দীনের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। আহত নিজাম উদ্দিনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভারতীয় মদ ও ফেনসিডিল আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদার জীবননগরে অভিযান চালিয়ে ৪১৪ বোতল ভারতীয় মদ ও ৯২ বোতল ফেনসিডিলসহ ১ টি মোটরসাইকেল আটক করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাত ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত এ অভিযান চলে।
বিজিবি জানায়, বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খানের নেতৃত্বে হাবিলদার তোতা মিয়া ও শওকত আলী সঙ্গীয় ফোর্সসহ সীমান্তের মাধবখালী ও ঈশ্বরচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ২০৪ বোতল ভারতীয় মদ ও ২ বোতল ফেনসিডিল সহ একটি মোটরসাইকেল আটক করে।
এছাড়া, রাত ৩ টার দিকে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নাজমুল হক ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের জাহাজপোতা মাঠের একটি ভুট্টাক্ষেতে অপেক্ষা করছিলেন। এ সময় ৪-৫ জন সন্দেহভাজনকে দেখে ধাওয়া করলে তারা ৪ টি চটের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ২১০ বোতল ভারতীয় মদ ও ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।




