আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে শুক্রবার রাতে দল থেকে বহিস্কার করা হয়েছে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রীসহ নির্বাচনে অংশ নেয়া আওয়ামীলীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে। বরিশাল জেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে এক সভায় দলীয় শৃংখলা ভঙ্গ করে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হবার কারণে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। একই সাথে দল থেকে বহিস্কার করা হয়েছে সাবেক আহবায়ক সদস্য, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গিয়াস খানকে। বিদ্রোহী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হবার অভিযোগে উপজেলা মহিলা আওয়ামীলীগ আহবায়ক পিয়ারা বেগম, শেফালী রানী সরকার ও পবিত্র রানী হালদারকেও বহিস্কার করা হয়েছে। এদিকে ভাইস চেয়ারম্যান পদে অমিয় লাল চৌধুরীকে আওয়ামীলীগ দলীয় সমর্থন দেবার পরেও তিনি মনোনয়নপত্র দাখিল না করায় দলীয় মনোভাবাপন্ন ৪ প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছে।




