ভোলা প্রতিনিধি : ঘন কুয়াশা, ডুবোচর আর ফেরি সংকটে ভোলা-লক্ষীপুর নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে উভয়পাড়ে শতাধিক যানবাহ আটকে রয়েছে।
ফেরিগুলো নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় উভয়পাড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ভোলার সঙ্গে দক্ষিণাঞ্চলসহ সারাদেশের ২১ জেলার সহজ যোগাযোগ মাধ্যম ভোলা-লক্ষীপুর রুটে গত কয়েকদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। একদিকে ডুবোচরে ফেরি আটকা পড়া, ঘন কুয়াশার বিড়ম্বনা এবং ফেরি সংকটের কবলে পড়ে প্রতিদিনই চরম ভোগান্তির মুখে পড়ছেন এসব যাত্রীরা। ফেরি চলাচল ব্যাহত হওয়ার ফলে ভোলা-লক্ষীপুর রুটের ভোলা অংশের ইলিশা ও লক্ষীপুর অংশের মজুচৌধুরী ঘাটে আটকে আছে শত শত যানবাহন। এতে যানবাহনে থাকা কাঁচামালও নষ্ট হতে চলেছে।
ফেরি কর্তৃপক্ষ জানান, মেঘনা নদীর এ রুটটি চালু হওয়ার পর থেকে এ রুটে যানবাহন পারাপারের জন্য দু’টি ফেরি চলাচল করে আসছে। যাত্রীদের সুবিধার্থে এ রুটে পারাপারের জন্য চলতি মাসের ১৯ জানুয়ারিতে কাকলী নামে আরো একটি ফেরি যোগ হলেও মাত্র চারদিন পর কোনো নোটিশ ছাড়াই বুধবার থেকে বিআইডবিøউটিএ ফেরিটি নিয়ে যায় । এতে হঠাৎ করেই যানবাহনের চাপ বেড়ে যায়। এছাড়া গুরুপ্তপূর্ণ এই রুটটিতে স্বাভাবিকভাবে পারাপারের জন্য আরো দু’টি ফেরির প্রয়োজন বলে মনে করেন ভোগান্তিতে পড়া পরিবহন শ্রমিক ও যাত্রীরা ।




