পাবনা প্রতিনিধি : পাবনার বেড়ায় ধানের চারা তোলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে প্রতিপক্ষের শাবলের আঘাতে আলম (৪৫) পিতা মৃত জাহাঙ্গীর নামের একজন খুন হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার সকালে ওই ঘটনা ঘটে। জানা যায়, রবিবার সকালে উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের পেচাকোলা গ্রামের আলম তার আবাদকৃত জমি থেকে ধানের চারা তুলতে গেলে একই গ্রামের জনৈক আমীর আলী পিতা আলাবক্স, মিজানুর পিতা কুড়ান ফ্যাতাং ও কোরবান পিতা এবাদ শেখসহ ৯ জন তাকে মারধর করতে উদ্যত হয়। এসময় মিজানুরের শাবলের আঘাতে সে মারাত্মকভাবে জখম হয়। আহত আলমকে প্রথমে বেড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে সোমবার বেড়া থানায় একটি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।




