শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, খালি মাঠে গোল দেখে এখন কপাল চাপরাচ্ছে বিরোধী দল। তিনি আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ১শ ৫৪ আসনে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য বিরোধী দলের অনুপস্থিতিকে দায়ী করে বলেন, খালি মাঠ, ফাঁকা মাঠ, গোল তো হবেই। খেলা হচ্ছে মাঠে। কিন্তু খেলার মাঠের অপরদিকে খেলোয়াড় নেই, গোলকিপারও নেই। তাহলে তো আমরা গোল দিয়েই যাব। আর খালি মাঠে গোল হতে দেখে বিরোধী দল এখন কপাল চাপড়াছে। তিনি ২১ ডিসেম্বর শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় ওইসব কথা বলেন।
একাত্তরের মানবতা বিরোধী অপরাধে আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর নিয়ে পাকিস্তান পার্লামেন্টের পদক্ষেপ বিষয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নীরবতার কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী এখন বলছেন, উনি না-কি আন্দোলনের মাঠে নামবেন। তবে মাঠে নামার আগে এই নীরবতার জন্য জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হবে। উনি যেন জনগণকে সেই জবাব দিয়েই মাঠে নামেন।




