শ্যামলবাংলা ডেস্ক : ১৮ দলীয় জোটের আন্দোলনের সাথে থাকার ঘোষণা দিলেন জাতীয় পার্টির বহিষ্কৃত সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ। তিনি ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ওই ঘোষণা দেন। এসময় তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলনে সঙ্গে আছি। তাদের আন্দোলনের সঙ্গে আমরাও মাঠে থাকব।ু
বৃহস্পতিবার কাজী জাফরের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাজী জাফর ১৮ দলের চলমান আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরশাদের সাথে আমাদের আদর্শিক পার্থক্য। আমরা জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তিনি আরও বলেন, এরশাদের সঙ্গে আমাদের কথা ছিল তিনি মহাজোট থেকে বেরিয়ে আসবেন। কিন্তু তিনি তা করেননি। তবে এখন বিলম্ব হলেও বাস্তব অবস্থা বুঝতে পেরেছেন তিনি।




