শ্যামলবাংলা ডেস্ক : বৃহস্পতিবার সকালে নির্বাচনকালীন সরকারে শপথ নেয়া জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করবেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু ৪ ডিসেম্বর বুধবার রাত পৌণে ৯টায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান দলের সব রমন্ত্রীদের পদত্যাগ করতে বলেছেন। তার নির্দেশ অনুযায়ী আমরা আগামীকাল সকালে পদত্যাগ করবো।
এর আগে দলের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার রাত ৮টায় তার বাসভবন বারিধারার প্রেসিডেন্ট পার্কে ওই বৈঠক শুরু হয়। বৈঠক চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে জিয়া উদ্দিন আহমেদ বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।




