শ্যামলবাংলা ডেস্ক : ‘আমি অস্ত্রের শক্তিতে একদমই বিশ্বাস করি না। কারণ অস্ত্র দিয়ে আপনি কেবল মানুষকে খুন করতে পারেন, কিন্তু কলম আপনাকে নতুন জীবন দিতে পারে’ এ ভাষ্য বিশ্ব কাপাঁনো পাকিস্তানের কিশোরী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসূফজাই এর। ১১ নভেম্বর সোমবার রাতে তাকে দেয়া হয়েছে বিখ্যাত ‘গ্ল্যামার ম্যাগাজিন’ এর ‘ওম্যান অব দ্য ইয়ার ২০১৩’ পুরস্কার। নিউইয়র্কে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ওই পুরস্কার গ্রহণ করে মালালা। ওই পুরস্কার হাতে নিয়ে মালালা তার বক্তব্যে ওই কথা ব্যক্ত করে। অনুষ্ঠানসূত্র জানিয়েছে, ওই পুরস্কারের অর্থ ‘মালালা ফান্ডে’ দাতব্য কাজে ব্যয় করা হবে। খবর বার্তাসংস্থা এপির।
নিউইয়র্কের কারেঞ্জি হলে আয়োজিত ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপতারকা লেডিগাগা, একজন কিংবদন্তি গায়িকা, একজন টিভি তারকা, বেশ কয়েকজন সুপার মডেল, কয়েকজন মানবাধিকার কর্মী, এমনকি একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যিনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন। কিন্তু এতসব বাঘা বাঘা নারীর মধ্যেও সবার দৃষ্টি নিবদ্ধ ছিল পাকিস্তানের কিশোরী মালালা ইউসূফজাইয়ের দিকে। যে কারণে কারেঞ্জি হলের ব্যালকনি থেকে একদল অল্পবয়সী মেয়ে ঘন ঘন হাততালি দিচ্ছিল আর চিৎকার করছিল, ‘মালালা, তুমি আমাদের গর্ব। আমরা তোমাকে ভালোবাসি।’
উল্লেখ্য, ২০১২ সালে পাকিস্তানের স্কুলছাত্রী মালালাকে তালেবান যোদ্ধারা গুলি করে আহত করে। এরপর তার বেচে ওঠার মধ্য দিয়ে তার আত্মপ্রত্যয়-খ্যাতি গণমাধ্যমে বদৌলতে ছড়িয়ে পড়ে বিশ্বময়। পরবর্তীতে ‘মালালা ফাউন্ডেশন’ নামে একটি তহবিল চালু করা হয় মেয়েদের শিক্ষার জন্য ব্যয়ের উদ্দেশ্যে। ‘আই এম মালালা’ নামে একটি বইও লেখে সে।




