স্টাফ রিপোর্টার : শেরপুরে আওয়ামী সমর্থকের মালিকানাধীন ব্যবসা-প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১১ নভেম্বর সোমবার মধ্যরাতে সদর উপজেলার জামায়াত অধ্যুষিত বাজিতখিলা বাজারে ওই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিবলু, শাজাহান, মান্নান ও মনিরুজ্জামান নামে বিএনপি-জামায়াতের ৪ কর্মীকে আটক করে। আতককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম মিয়া উভয় পক্ষের শুনানী শেষে প্রত্যেকের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, সোমবার রাত পৌণে ১২টার দিকে বাজিতখিলা বাজারে থাকা আওয়ামী লীগ সমর্থক সাদ্দাম হোসেনের মালিকানাধীন ডিপার্টমেন্টাল স্টোরকে লক্ষ্য করে ৪টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ওইসময় ৩টির বিস্ফোরণ ঘটলেও একটি অবিস্ফোরিত রয়ে যায়। শব্দ পেয়ে স্থানীয় ব্যবসায়ীরাসহ এলাকাবাসী জেগে উঠলে দুর্বৃত্তরা দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শিকদারের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেলের আলামত উদ্ধার করে এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় ৪ যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াতের সক্রিয় কর্মী।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় সুনির্দিষ্টভাবে ১৫ জন ও অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।




