জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : দোয়ারায় ভূমি সংক্রান্ত বিষয়ের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ব্যক্তি আহত হয়েছে। ১০ নভেম্বর রবিবার সকালে দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়নের মাছিমপুর বাজারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মাছিমপুর বাজার সংলগ্ন একখন্ড ভূমির মালিকানা নিয়ে দৌলতপুর গ্রামের ইন্তাজ আলীর পুত্র মখদ্দুছ আলী ও একই গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র আব্দুল হেকিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে বিরোধকৃত ভূমি নিয়ে মখদ্দুছ আলী ও আব্দুল হেকিমের মধ্যে কথা কাটাকাটির জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের শুকুর আলী (৪৫), রুশন আলী (৩৫), আব্দুস শুকুর (৩৫), মহিবুর রহমান (২৪), আব্দুর রহমান (২৮), ফাতেমা বেগম (৪০), লিপন (১৫), কমরুন নেছা (৪০)সহ অন্তত ২০ব্যক্তি আহত হয়। স্থানীয় গন্যমান্যদের মধ্যস্থতায় সংঘর্ষ নিয়ন্ত্রিত হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।




