স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের প্রাণকেন্দ্র থেকে ৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। ৩০অক্টোবর বুধবার সন্ধ্যায় শহরের খাদ্যগুদাম ও সড়ক-জনপথ বিভাগের অফিসের মাঝামাঝি সড়ক থেকে ওই ককটেল উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পুলিশের এক সদস্য শহরের খাদ্যগুদাম সড়ক অতিক্রমের সময় সেখানে অবস্থানরত সন্দেহভাজন অজ্ঞাত ২ যুবককে কিছু জিজ্ঞেস করতেই তারা একটি ব্যাগ ছুড়ে ফেলে দৌড়ে পালায়। পরে ওই ব্যাগে দেখা যায় পলিথিনে মুড়ানো ৪ টি তাজা ককটেল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শিকদারসহ থানা, ডিবি ও সিআইডি পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরে ঘটনাস্থলেই বালি ও পানি দ্বারা সেগুলো নিস্ক্রিয় করা হয়। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই অজ্ঞাত যুবকরা ওই ককটেল বহন করছিল। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




