পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : ১৮ দলের হরতালের সমর্থনে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় বিএনপির সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে আওয়ামীলীগ এবং বিএনপির মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই সময় পূর্বধলা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন ও প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হলে বিএনপি পূর্বধলা বাজার থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্টেশন বাজারে গিয়ে সমাবেশ করে।
বিএনপি সমাবেশ ও মিছিল করতে পূর্বধলা বাজারের রেল গেইটের পূর্ব পাশের দলীয় কার্যালয়ে জড়ো হয়। এ সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা রেল গেইটের পশ্চিম পাশে অবস্থান নিয়ে বিএনপিকে মিছিল না করতে স্লোগান ও বক্তব্য দেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
উপজেলা বিএনপির সভাপতি সায়েদুর রহমান তালুকদার বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি বিশৃংঙ্খলা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে মিছিলের নামে জড়ো হয়েছিল।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশীর আহমদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।




