খোরশেদ আলম, ঝিনাইগাতী : জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি করে যারা বিএনপি’কে প্রতিষ্ঠিত করতে চায়, দলে তাদের স্থান নেই। তিনি ১১ মার্চ শুক্রবার ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই সম্পর্কে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীক নিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। পদ্মা সেতু নির্মাণ করতে বিদেশি সাহায্যের প্রয়োজন নেই। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু’র নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এ দেশকে বিদেশিদের কাছে ভিক্ষার হাত বাড়াতে হবে না। স্ব ইচ্ছায় যদি কেউ এগিয়ে আসে তাহলে নেয়া হবে, অন্যথায় নয়। ২০২১ সালের মধ্যে দেশ আরও এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম, জনগনের প্রতি ভালোবাসা ও তাঁর দেশ পরিচালনায় সাহসিকতার ভূয়সী প্রশংসা করে হুইপ আতিক বলেন, আমার প্রতিশ্রুতি ছিল আমার নির্বাচনী এলাকা শেরপুর-১ আসনের যাদের ছনের ঘর রয়েছে, তাদের টিনের ঘর তৈরী করে দেয়ার। সে অনুযায়ী তালিকার কাজ প্রণয়ন করতে গিয়ে ১২টি ছনের ঘর পাওয়া গেছে। তিনি আরও বলেন, স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতায়ন, দারিদ্র দূরীকরণ থেকে শুরু করে যে সকল উন্নয়ন হয়েছে তা শুধু জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্যেই সম্ভব হয়েছে। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার জনগন আমাকে অনেক কিছু দিয়েছেন। জনগনের ভোটে নির্বাচিত মন্ত্রীর মর্যাদাও পেয়েছি। কিন্তু আমি তাদের কিছুই দিতে পারিনি। আমার এলাকার জনগনের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য আমি একটি স্বাস্থ্য কমপ্লেক্স করে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। আমার কন্যা একজন ডাক্তার। সে বিনামূল্যে আমার নির্বাচনী এলাকার জনগনকে চিকিৎসা সেবা দিবে। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার এলাকা ব্যতীত বিভিন্ন স্থানে দলীয় প্রার্থী মনোনয়ন দিতে দলীয় নেতাকর্মীরা লাখ লাখ টাকা বাণিজ্য করছেন। কিন্তু আমার এলাকায় এ ধরনের কোন কর্মকান্ড নেই এবং দলীয় কোন নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এলে তা বরদাস্ত করা হবে না। তিনি কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, তিনি বাইরে সৎ, ভিতরে সৎ নয়। হুইপ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নাইম একজন সৎ মানুষ। আমি তাকে ভালোবাসি। তার নেতৃত্বে ঝিনাইগাতীবাসীকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রার্থীদের দলীয় মনোনয়ন দেয়ার জন্যে দলের নেতাকর্মীদের প্রতিও তিনি আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে সভায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে হুইপ আতিউর রহমান আতিক ৩ কন্যাসহ ঝিনাইগাতী গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ভ্রমণে যান।




