কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ইটের আঘাতে এক ভারতীয় যুবক নিহত হয়েছে। ২২ ফেব্রুয়ারী শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এঘটনাটি ঘটে। নিহত সোহাগ (২২) ভারতের উত্তর ২৪পরগণা জেলার স্বরূপনগর থানার দরকান্দা গ্রামের সাহাজি পাড়ার নূর ইসলামের পুত্র।

জানা যায়, কলারোয়া উপজেলার ভাদিয়ালীর কালিবাড়ি সীমান্তের বিপরীতে ১৩/৩, ৯আরবি পিলার সংলগ্ন ভারতের দরকান্দা সীমান্তে সোহাগ নামের ওই ভারতীয় যুবককে বাংলাদেশে প্রবেশের সন্দেহে টহলরত বিএসএফ ইট নিক্ষেপ করে। ইটটি তার মাথায় লাগলে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। এঘটনায় স্থানীয় দরকান্দা গ্রামের জনতা বিএসএফের কয়েকটি টোং (সীমান্তে বিএসএফের বসার স্থান) ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে। তবে এ ঘটনায় বাংলাদেশ সীমান্তে কোন প্রভাব পড়েনি, সীমান্ত জনপদের সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।




