জসীম উদ্দিন তালুকদার, রাঙামাটি : দেশের চলমান উন্নয়ন নিয়ে রাজনৈতিক মিথ্যাচার বন্ধ করতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম। তিনি ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার রাঙামাটিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রবাসী কল্যাণ ব্যাংকের রাঙামাটি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, ২০০৯ সাল থেকে মহাজোট সরকার গঠনের পর স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ নানা বিষয়ে সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুললে তখন বিরোধী নেত্রী খালেদা জিয়া এইসব নিয়ে অহেতুক মিথ্যাচার করেন।
তিনি বলেন, সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজগুলোর মূল্যায়ন করতে হবে। প্রতিটি ক্ষেত্রে সরকারের ভুল ধরলে হবেনা, নিজেদের ভুললগুলোও স্বীকার করে দেশের গনতন্ত্র রক্ষায় সরকারকে ও বিরোধী দলগুলোকে সহযোগিতা করতে হবে। নেতিবাচক মনোভাব পরিহার করলেই দেশের গনতন্ত্রের ভীত শক্তিশালী হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সি.এম. কয়েস সামির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার,প্রবাসী কল্যাণ ব্যাংক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খাঁন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেন ও রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। এইচ টি ইমাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেশের হতদরিদ্র মানুষের কল্যাণে অনেক কাজ করেছে। আগে দেশের মানুষকে বিদেশে যেতে হলে লাখ লাখ টাকা খরচ করতে হতো। তাছাড়া তাদের বিদেশে যাওয়ার পরেও নানা জটিলতার সম্মূখীন হতে হতো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেশের মানুষকে এখন খুব কম অর্থে বিদেশ যাওয়ার সুযোগ করে দিয়েছে। এতে করে যারা বিদেশে পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে অধিক টাকা হাতিয়ে নিতো ,তাদের এ অবৈধ ব্যবসা বন্ধ হয়েছে। তিনি বলেন, এ সরকার বিদেশ যেতে ইচ্ছুক মানুষকে কম টাকায় বিদেশ পাঠানোর ব্যবস্থা করছে আর তাদের বিদেশ যেতে আর্থিক সহায়তা দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। সরকারের জনকল্যাণমূখী এ সমস্ত উদ্যোগগুলো বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে। এইচ টি ইমাম আরো বলেন, বাংলাদেশের এক দশমাংশ অঞ্চল জুড়ে অবস্থিত সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রাম এর উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে। বক্তব্য শেষে এইচ টি ইমাম তিন পার্বত্য জেলার কার্যক্রম চালানোর জন্য রাঙামাটিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। এ সময় বিদেশ গমনেচ্ছুক এক ব্যক্তিকে রাঙামাটি প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে আর্থিক ্ঋনের চেক প্রদান করা হয়।






