ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গারো পাহাড়ি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে চোরাচালানীর মালামাল সংগ্রহ করতে গিয়ে আনোয়ার হোসেন নামে এক চোরাকারবারী আহত হয়েছেন। গত ৭ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন এ ঘটনা ঘটে। আহত আনোয়ারকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আনোয়ার হালুয়াঘাট উপজেলার উত্তর নলকুড়া মো. মজিবরের ছেলে।

বুধবার বিকেলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া এলাকা দিয়ে স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৪৫) চোরাচালানী মালামাল সংগ্রহের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ-ভারত সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৩০০-৩৫০ গজ ভারতের অভ্যন্তরে তারকাঁটার নিকটবর্তী এলাকায় প্রবেশ করে। পরে রাতের অন্ধকারে অজ্ঞাতনামা ভারতীয় পাহাড়ি/গারোরা তাকে আঘাত করলে গুরুতরভাবে আহত হন আনোয়ার। আহত অবস্থায় আনোয়ারকে বাংলাদেশে ফেরত আসলে তার নিকটাত্মীয়রা তাকে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আনোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, আনোয়ার ভারতীয় একজন মহিলার সাথে অনৈতিক সম্পর্কে জড়িত ছিল এবং সে গত বছরও অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে ভারতীয় দুষ্কৃতিকারী কর্তৃক আহত হয়েছিল।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, বর্ডার গার্ড বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




