শেরপুরে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে শেরপুরের ২টি সংসদীয় আসনে ওই ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

এদিকে সকাল আটটায় শেরপুর শহরের ঢাকলহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, লাইনে পুরুষদের পাশাপাশি নারীদের ভিড়। কঠোর নিরাপত্তার কারণে ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরের পরিবেশও শান্ত। এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪ হাজার ৬৬৮। একই চিত্র দেখা যায় শহরের দমদমা কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। লাইনে পুরুষদের পাশাপাশি নারীদের ভিড়। কঠোর নিরাপত্তার কারণে ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরের পরিবেশও শান্ত। এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ১৬৭। এর মধ্যে ১ হাজার ১১৫ জন মহিলা ও ১ হাজার ৫২ জন পুরুষ ভোটার।
জানা যায়, শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। আর শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন ও নারী ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান জানান, শেরপুরের দুটি আসনে মোট ভোটার ৮ লক্ষ ৯০ হাজার ৫২২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৯৯ টি। এছাড়া এই দুই আসনে ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৭৮টি। এসব কেন্দ্রসহ দুটি নির্বাচনী আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার ৫০০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে দুজন অস্ত্রধারী আনসার সদস্য, দুজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্বে রয়েছেন। কেন্দ্রে কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।




