বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাসীদের দৌরাত্ম এবং দূর্নীতিবাজ কর্মকর্তাদের উৎখাত করা হবে। আপনারা যদি বিএনপিকে ভালবেসে থাকেন তাহলে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে বিজয়ী করুন। তিনি ৩১ জানুয়ারি শনিবার দুপুরে শেরপুরের নকলায় বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় উপস্থিত স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে এসব কথা বলেন।

২৮ জানুয়ারি বুধবার শেরপুরের শ্রীবরদীতে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উপজেলা জামায়াত নেতার মৃত্যুর ঘটনা নিয়ে রাকিবুল ইসলাম বলেন অনুষ্ঠানে জামায়াতের উগ্রবাদীরা বিভিন্ন জেলা থেকে তাদের ক্যাডার বাহিনী এনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ও চেয়ার ছুঁড়ে আমাদের নেতাকর্মীদের মারধর করে উল্লাস করেছে এবং তাদেরকে মিটিং থেকে বের করে দিয়েছে।
জামায়াতকে মোনাফেক উল্লেখ করে রাকিবুল ইসলাম বলেন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার চেষ্টা করবেননা। আমরা যদি চাই, আমাদের নেতা আছে তারা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে এই মোনাফেকদের (জামায়াত) কোন অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। তিনি বলেন, আমরা যা চাইব তা জনগণকে নিয়ে করার সামর্থ্য আমাদের রয়েছে। বিএনপি সাড়ে ১৫টি বছর ফ্যাসিস্ট হাসিনার চোখে চোখ রেখে, তার সন্ত্রাসীদের চোখে চোখ রেখে রাজপথে ছিল। কোনদিন আপোষ করেনি। আপনারা যে ভাষায় কুরুচিপূর্ণ শ্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন আমরা আপনাদেরকে সতর্ক করছি। যদি সতর্ক না হন তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

রাকিবুল ইসলাম জামায়াতকে উদ্দেশ্য করে আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছর তাদের কোন মিছিল নকলা-নালিতাবাড়ীর রাজপথে দেখা যায়নি। জামায়াতে ইসলামের নেতাকর্মীদের বক্তব্য ইসলামের সাথে যায় না। তারা দেশে পুরোপুরি একটি ভ্রান্ত ধারণার মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তারা যদি এ ধরনের গুপ্ত রাজনীতি, ইসলামের বিভেদমূলক রাজনীতি বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু সুফিয়ান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেল সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক অভি প্রমুখ।




