তাপস কুমার, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে মৎস্য ব্যবসায়ীরা বিপর্যস্ত জীবন-যাপন করছে। স্থবির অবস্থা বিরাজ করছে মৎস্য আড়তে। বাজারে নেই বেচা-কেনা, নেই প্রাণচাঞ্চল্যতা, যেন ব্যাবসায়ীরা অলস সময় কাটাচ্ছেন প্রতিদিনই। এতে করে প্রতিনিয়ত ব্যাপকহারে লোকসান গুনতে হচ্ছে ওইসব ব্যবসায়ীদের।

সরেজমিনে জানা যায়, আত্রাই মাছ বাজার উত্তরজনপদের ঐতিহ্যবাহী মাছ বাজার হিসেবে খ্যাত। এখানে প্রতিদিন আড়ৎদারের মাধ্যমে লাখ লাখ টাকার মাছ কেনা বেচা হয়ে থাকে। এ মাছ বাজার থেকে পাইকাররা মাছ ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বাজার জাত করে থাকে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারি, সিরাজগঞ্জ, ডোমার, নাটোর, জয়পুরহাটসহ প্রায় ১৫ থেকে ২০ টি জেলায় এসব মাছ বাজার জাত করা হয়। এ মাছ বাজারে আড়ৎদার, মাছ বিক্রেতা, মাছ ক্রেতা ও শ্রমীকসহ প্রায় ৪ শতাধিক লোকের জীবিকা নির্বাহ হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে হরতাল অবরোধ ও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এ মাছ বাজার এখন স্থবির হয়ে পড়েছে। মাছ বাজারে ক্রেতাদের উপস্থিতি কম, মাছ ক্রয় করে সঠিকভাবে চালান করতে না পারা ও পথিমধ্যে মাছ পরিবহনের গাড়ী ভাংচুরসহ বিভিন্ন প্রতিকূলতার কারণে মাছের বাজারে ধস নেমেছে। এ জন্য মাছ চাষীরাও তাদের জলাশয় থেকে এখন মাছ উত্তোলনে আগ্রহ হারিয়ে ফেলেছে।
আত্রাই মাছ বাজারের আড়ৎদার পিএম আলমগীর হোসেন বলেন, পূর্বে আমাদের আড়তে যে পরিমাণ মাছ কেনা বেচা হত বর্তমানে প্রায় শূণ্যের কোটায় এসে পৌঁছে গেছে। প্রতিদিন আমাদের অনেক টাকা লোকসান গুনতে হচ্ছে। আত্রাই মাছ বাজার আড়ৎদার সমবায় সমিতির বাবলু আকন্দ বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা মাছ বাজার জাত করতে পারছি না। এ জন্য মাছের দাম কমে যাওয়ায় মাছ চাষীরাও মাছ আমদানি করছে না। ফলে মাছ বাজার স্থবির হয়ে পড়েছে। আর এতে করে প্রায় ৪ শতাধিক পরিবার মানবেতর জীবন যাবন করছে।




