শেরপুরে আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক। ৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টারে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫ শতাধিক নেতা-কর্মীর মাঝে ওই উপহার বিতরণ করেন তিনি।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী দিনে তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের চেতনায় অবিচল থাকার আহবান জানিয়ে বলেন, সারাদেশে এক ধরনের অবস্থা হলেও শেরপুর সদরে চলছে লুটপাট ও দখলের রাজত্ব। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে এবং শেরপুরকে রক্ষা করতে আমাদেরকে ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই। ওইসময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের মাধ্যমে সর্বস্তরের মানুষের প্রতি ঈদের আগাম শুভেচ্ছা জানান।

ঈদ উপহার বিতরণকালে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




