দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হতে শেরপুর জেলার ১৬ জন নারী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শেরপুর থেকে এবারই সর্বোচ্চ সংখ্যক মনোনয়নপ্রত্যাশী সংরক্ষিত নারী আসনে লড়ছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তারা দলের সংসদীয় মনোনয়ন বোরডের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহকারী ১৬ জনের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নবীন-প্রবীণ নেত্রী ও সংগঠক রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভােকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক এ্যাডভােকেট ফারহানা পারভীন মুন্নী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক সাবিহা জামান শাপলা, সদর উপজেলার দুর্গানারায়ণপুর এলাকার বাসিন্দা প্রয়াত পুলিশ কর্মকর্তা সেরনিয়াবাত আব্দুল ওয়াদুদের মেয়ে ও আনন্দ মোহন বিশ্বদ্যিালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সদস্য সুরভী সেরনিয়াবাত, ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন নাহার, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি রবেতা ম্রং, পৌর যুব মহিলা লীগের সভাপতি সিতারা পারভীন, নকলা উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম প্রমুখ।
এদিকে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে শেরপুর জেলার কে সংসদ সদস্য হবেন-এ নিয়ে জনমনে জল্পনা-কল্পনা ও আলোচনা চলছে। এ পর্যন্ত শুধু দশম জাতীয় সংসদেই সংরক্ষিত নারী আসনে শেরপুর থেকে এমপি মনোনীত হয়েছেন সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। মনোনয়নপত্র সংগ্রহ করে জমাদানকারীরা সবাই দলের মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মো. আতিউর রহমান আতিক বলেন, সংরক্ষিত নারী আসনের এমপি পদে অনেকেই মনোনয়ন চেয়েছেন। তবে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।




