নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা, শেখ হাসিনার নৌকা ও শান্তির প্রতীক নৌকায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে দেশ পরিচালনার দায়িত্বে পুনরায় নির্বাচন করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দলের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ২৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নকলা উপজেলার শেখ রাসেল স্মৃতি স্টেডিয়াম প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সর্বশেষ নির্বাচনী প্রচারণার বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
প্রায় ২৫ হাজার মানুষের উপস্থিতিতে ওই জনসভায় মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের আপন মা। আর বিএনপি পড়ে পাওয়া চৌদ্দআনা। লুটপাট করেছে বাংলাদেশকে। তারা হলো এদেশের মানুষের সৎ মা। সতাই মা আপন মায়ের মতো হতে পারে না। তাই যদি আপন মায়ের কোলে থাকতে চা,ন তাহলে নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দিলে দেশে শান্তি আসবে। আপনারা যদি বছরের প্রথম দিন ছেলে মেয়েদের জন্য বিনা পয়সায় বই চান, বিদ্যুৎ চান, বি.এ ক্লাস পর্যন্ত উপবৃত্তি চান, রাস্তা চান, দেশের আয় উন্নতি চান তাহলে বঙ্গবন্ধুর মেয়েকে, নৌকাকে ভোট দিন। তিনিই পারবেন দেশকে এগিয়ে নিতে। আপনাদের সমস্যার সমাধান করতে।
মতিয়া চৌধুরী ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের কঠোর সমালোচনা করে বলেন, কামাল হোসেনের নিজের কোমর ভাঙ্গা। দলে কোন লোক নাই। এখন ভাড়া খাটতে গেছে বিএনপিতে। মাথা ছাড়া বিএনপিকে উনি কিছুই দিতে পারবেন না। তিনি আরও বলেন, বিএনপি শবে বরাত মানে না। ওই রাতে দাউদকান্দিতে পেট্রোল বোমায় বাবা-মেয়েকে হত্যা করেছে। বাবা-ছেলেকে নিয়ে কুটুম বাড়ীতে বেড়াতে যাবে, ভ্যান গাড়ীতে বাচ্চাকে রেখে সিএনজি আনতে গেছে। এসে দেখে সন্ত্রাসীরা ছেলেকে আগুনে জ¦ালিয়ে মেরে ফেলেছে। এসব কথা কেউ ভুলেনি। বাংলার মানুষ বিএনপি’র দুঃশাসন, কুশাসন, জ¦ালাও-পোড়াও প্রত্যাখান করেছে। তারা ভোট চাওয়ার যোগ্যতা হারিয়েছে।
তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি সরকারের আমলে বাংলাদেশ ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাওয়া ভবনের মাধ্যমে দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। বর্তমানে তারা স্বাধীনতা বিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে আবারো দেশের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। এ অবস্থায় দেশের শান্তি সমৃদ্ধি বজায় রাখতে দেশবাসীকে সজাগ থেকে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, বর্তমান সাধারণ সম্পাদক ফজলুল হক, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বুরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির জেলা সহ-সভাপতি শওকত সাঈদ উকিল প্রমুখ।




