কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের আট শান্তিরক্ষী নিহত হয়েছেন। স্থানীয় সময় ২৯ মার্চ মঙ্গলবার ওই ঘটনা ঘটে। শান্তিরক্ষা মিশনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কঙ্গোর ওই অঞলটিতে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর উদ্ধার কাজে গিয়েছিলেন তারা। নিহতদের মধ্যে পাকিস্তানের ৬ জন ক্রু সদস্য এবং বাকী দুইজন রাশিয়া ও সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য।
কিভু প্রদেশের রাজধানী গোমায় নেওয়া হয়েছে মরদেহগুলো। মঙ্গলবার এক শোকবার্তা দিয়ে পাকিস্তানের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মুনির আকরাম নিহত ছয় পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেছেন। তবে, বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি জাতিসংঘ মিশন এবং তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। সূত্র: সিএনএন




