স্টাফ রিপোর্টার : দৈনিক ইত্তেফাকের ৬৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার শেরপুরে এক সুধী সমাবেশ করা হয়েছে। শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে অনুষ্ঠিত ইত্তেফাকের শেরপুর প্রতিনিধি সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম রিয়াজুল হাসান। এসময় তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, বাঙালী জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ইত্তেফাকের ভুমিকা অনস্বীকার্য। মুক্তিযুদ্ধে ইত্তেফাক অগ্রনী ভুমিকা পালন করেছে। যুগে যুগে মানবমুক্তির লড়াই, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ইত্তেফাক প্রেরণা যুগিয়েছে। ইত্তেফাক বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পাঠকদের আস্থা অর্জন করতে পেরেছে, যা আজও সমভাবে দেদীপমান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ড. সুধাময় দাস, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আমজাদ হোসেন, শেরপুর প্রেস কাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, মুক্তিযোদ্ধা এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, আবু হান্নান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হাকিম বাবুল। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, রাজনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশের শুরুতেই আগতদের রজনীগন্ধার শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।




