শ্যামলবাংলা বিনোদন : বক্স-অফিস দৌড়ে ‘বাজিরাও মাস্তানি’র চেয়ে এগিয়ে থাকলেও বছরের সেরা হিটের তকমা জোটাতে পারেনি ‘দিলওয়ালে’। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করেছে শাহরুখ খান ও কাজলের পর্দায় ফেরার সিনেমা ‘দিলওয়ালে’। তবে খুব একটা পিছিয়ে নেই রানভির সিং ও দিপিকা পাড়ুকোনের ‘বাজিরাও মাস্তানি’। ১৮ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পায় রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ এবং সঞ্জয় লিলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’।
ভারত ও আন্তর্জাতিক বাজারের সম্মিলিত হিসাবে রবিবার পর্যন্ত ‘দিলওয়ালে’ আয় করেছে ১২১ কোটি রুপি। এর মধ্যে ভারতের ভেতর ‘দিলওয়ালে’ আয় করেছে ৬৫ কোটি ৯ লাখ রুপি। বিশ্ববাজারে সিনেমাটির আয় ছিল ৫৬ কোটির মতো।
অপরদিকে বিশ্বজুড়ে ‘বাজিরাও মাস্তানি’র আয় ছিল ৯০ কোটি ৮০ লাখ রুপি। ভারতের ভেতরে সিনেমাটির সংগ্রহ প্রায় ৬০ কোটি ৮০ লাখ এবং আন্তজর্াতিক বাজার থেকে আরো ৩০ কোটি রুপি।
সংযুক্ত আরব আমিরাতের বাজারে ‘দিলওয়ালে’ রেকর্ড সাফল্য অর্জন করেছে। বাণিজ্য বিশ্লেষক কোমাল নেহতা টুইট করে জানান, গালফের বাজারে বলিউডি সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে ভালো সাড়া পেয়েছে ‘দিলওয়ালে’।
অবাক করার মতো বিষয় হলো, ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স’-এর মতো সিনেমাকেও ছাড়িয়ে গেছে এটি।
অপরদিকে ঐতিহাসিক প্রেমকাহিনি ‘বাজিরাও মাস্তানি’র শুরুটা ধীরে হলেও লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে প্রশংসা। ফলে বাড়ছে প্রেক্ষাগৃহে দর্শক সমাগম।
তারান আদর্শ টুইট করে জানান, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারতে ৪৬ কোটি ৭৭ লাখ রুপি আয় করেছে ‘বাজিরাও মাস্তানি’।
শত কোটির বেশি বাজেটের সিনেমা ‘দিলওয়ালে’ এবং ‘বাজিরাও মাস্তানি’ বছরের শেষ সপ্তাহটি ব্যবসা করবে নির্বিঘ্নে। কারণ এই সময়টায় মুক্তি পাবে না আর কোনো বলিউডি সিনেমা।
‘বাজিরাও মাস্তানি’র পরিবেশক ইরস এন্টারটেইনমেন্ট জানায়, ১৮ ডিসেম্বর ভারতে ৩ হাজারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে সিনেমাটি। তবে ভালো সাড়া পেলে মুক্তির পরিসর আরো বাড়াবে তারা। অপরদিকে শুরু থেকেই ৪ হাজারের বেশি প্রেক্ষাগৃহ দখল করেছে ‘দিলওয়ালে’।
‘বাজিরাও মাস্তানি’তে অভিনয় করেছেন দিপিকা পাড়ুকোন, রানভির সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া।‘দিলওয়ালে’র মাধ্যমে ৫ বছর পর পর্দায় ফিরেছেন জনপ্রিয় জুটি শাহরুখ খান এবং কাজল, এছাড়া আছেন ভারুন ধাওয়ান এবং কৃতি শ্যানন।




