আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে বলে জানা গেছে। কলারোয়া উপজেলার চান্দা সীমান্তে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে ইকবাল হোসেন (২০)। সে মাদরা গ্রামের ইসারুল আলীর ছেলে। ওই সীমান্তে বসবাসকারী একাধিক ব্যক্তি জানান, ইকবাল ভারত থেকে চোরাচালানী পণ্য নিয়ে বাংলাদেশে আসার সময় চান্দা সীমান্তের বিপরীতে ভারতের দরকান্দা বিএসএফ তাকে তাড়া করে। একপর্যায়ে সোনাই নদীর হাটুপানি পেরিয়ে বাংলাদেশের চান্দা মাঠের আনোয়ারুলের ডিপের কাছে পৌছুলে বিএসএফ পিছন থেকে এক রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিটি ইকবালের হাতে লাগলে সে গুরুতর আহত হয়ে শার্শা এলাকার একটি ক্লিনিকে ভর্তি হয়েছে বলে জানা গেছে। সীমান্ত সূত্রটি দাবি করছে, বিএসএফ চোরাচালানী পণ্য নিয়ে চলে যায়। মাদরা সীমান্তের জিরো পয়েন্টের ১৩/৩ এসআর পিলার বরাবর এ ঘটনা ঘটে বলে সূত্রটি জানায়। তবে বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে কোন কিছু জানানো হয়নি।
কলারোয়ার সোনাবাড়িয়ায় দুর্নীতি প্রতিরোধে শপথ অনুষ্ঠান

“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ”-প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় দূর্ণীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপিত হয়েছে। উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুলে রবিবার আয়োজন করা হয় দুর্নীতি প্রতিরোধে শপথ পাঠ অনুষ্ঠানের। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের দূর্ণীতি প্রতিরোধের শপথবাক্য পাঠ করান কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক আখতারুজ্জামান, সহ সভাপতি কাজী শামসুর রহমান, লতিফা আখতার, আলহাজ্ব আ. রাজ্জাক মিয়া, আলহাজ্ব আ. মালেক, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, জিয়ারুল হক জিয়া, সাংবাদিক আবু রায়হান মিকাঈল প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে, শনিবার দূর্ণীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে ভাদিয়ালী স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পালিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।




