রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি : রূপগঞ্জের পাঁচাইখা এলাকায় ব্যাবসায়ী হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। শুক্রবার দুপুর ২ টায় রূপগঞ্জের ভ‚লতা-গাউছিয়া এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, গাউছিয়া তাঁতবাজার এলাকার কনফেকশনারী ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবু নিহত হওয়ার ৪ দিন পরও রহস্যজনক কারণে থানা পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করছেনা। ১১ ফেব্রুয়ারি স্থানীয় যুবলীগ নেতা শাহীন ও তার ভাইয়ের সাথে ব্যবসায়ী জাহিদুল ইসলামের দোকানের সামনে একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ সময় যুবলীগ নেতা ও তার লোকজন জাহিদুল ইসলামকে দোকান থেকে বের করে মারধর করার এক পর্যায়ে সে নিহত হয়। এ ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও বাবু হত্যার ঘটনায় থানায় মামলা হলেও ক্ষমতাসীন দলের প্রভাব দেখিয়ে যুবলীগ নেতা শাহীন ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। অজ্ঞাত কারণে থানা পুলিশ তাদের গ্রেফতার না করায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার মানববন্ধক কর্মসূচী থেকে ব্যবসায়ী ও এলাকাবসাসীরা দাবি করেন আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধসহ আরো বৃহৎ কর্মসূচী দেয়া হবে।




