শ্যামলবাংলা স্পোর্টস : সিরিজের একমাত্র টি২০তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেই শেষ পর্যন্ত ১৫ রানে হারল মুশফিকুর রহীমের দল। স্বস্তি আর সান্ত্বনার জয় তুলে নিল নিউজিল্যান্ড। তবু যেন হেরেও আনন্দ করার উপলক্ষ জুটল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উপস্থিত থেকে ওয়ানডে সিরিজ জয়ের শিরোপা মুশফিকুর রহীমের হাতে তুলে দিলেন এবং সবার সঙ্গে সেই শিরোপা নিয়ে ছবিও তুললেন। দুই টেস্টের সিরিজ ড্র আর ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় নিউজিল্যান্ড। তাই সিরিজের শেষ ম্যাচে একমাত্র টি২০ ম্যাচটিতে যে করেই হোক জয় চেয়েছিল কিউইরা। যদি সান্ত্বনা নিয়ে বাংলাদেশ ছাড়া যায়। শেষ পর্যন্ত সেই সান্ত্বনা খুঁজে পেল নিউজিল্যান্ড।
ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ম্যাচসেরা মুনরোর অপরাজিত ৭৩ ও ডেভচিচের ৫৯ রানে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৪ রান করে নিউজিল্যান্ড। আল আমিন অভিষেক টি২০ ম্যাচেই ২ উইকেট নেন। জবাব দিতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করতে সক্ষম হয়। মুশফিক সর্বোচ্চ ৫০ রান করেন। সাউদি ৩টি ও এ্যান্ডারসন ২টি উইকেট নেন। নিউজিল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর করলেও আশা ছিল, তৃতীয় ওয়ানডেতে যে ৩শ রানও অতিক্রম করে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু শুরুতেই যে ৩টি উইকেট ১৯ রানের মধ্যে হারায় বাংলাদেশ, সেখানেই মূলত পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৪ রান স্কোরবোর্ডে যুক্ত হতেই শামসুর রহমান (৪) আউট হয়ে যান। এরপর ১১ রান হতেই জিয়াউরও (৬) প্যাভিলিয়নের পথ ধরেন। আর ৮ রান যোগ হতেই মমিনুলও (৯) আউট হন। বাংলাদেশ মুহূর্তেই তিন উইকেট হারিয়ে ফেলে! চতুর্থ উইকেটে গিয়ে দুর্দান্ত খেলছিলেন নাঈম-মুশফিক। ২৪ বলে দল ৫০ রান করে ফেলে। দুজন মিলে ৪৩ রানের জুটিও গড়ে ফেলেন। এমন সময়ে গিয়ে দলীয় ৬২ রানে নাঈম (১৮) আউট হয়ে গেলে বিপদ ঘনিয়ে আসে যেন। তবে বাংলাদেশ পাওয়ার প্লে’র ৬ ওভারে নেয় নিউজিল্যান্ডের চেয়ে ৬ রান বেশি, ৭৬ রান। রানের চাকা সচল থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ উইকেটও পড়তে থাকে। বাংলাদেশ ১০০ রান করে ফেলে ৫৫ বলে। যেখানে নিউজিল্যান্ড করেছিল ৬৮ বলে। সুন্দর খেলছিলেন মুশফিক। যেন বাংলাদেশকে জিতিয়ে দেবেন এমন ধুন্ধুমার ব্যাটিং চলছিল। কিন্তু যেই অর্ধশতক করলেন দলীয় ১১৬ রানে মুশফিকও সাজঘরে ফিরে গেলেন। ৪ রান যোগ হতে নাসিরও (২৮) যখন আউট হলেন বাংলাদেশ পড়ে গেল বিপাকে। শেষ পর্যন্ত হার ১৫ রানের। মাশরাফি ৭ ও আল আমিন ৫ রানে অপরাজিত থাকেন। টিম সাউদি ৩ উইকেট ও কোরি এ্যান্ডারসন ২ উইকেট নেন। রেকর্ড ভেঙ্গে অবশেষে স্বস্তির জয়ও পেল নিউজিল্যান্ড। সিরিজজুড়ে দুর্দান্ত খেলে যাওয়া বাংলাদেশের শেষটা ভাল হলো না।




