শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নালিতাবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বুধবার উপজেলা বিআরডিবি হলরুমে দিনব্যাপী ওই কর্মসূচির আয়োজন করে পারি ডেভলপমেন্ট ট্রাস্ট ও সোনালী স্বপ্ন উন্নয়ন সংঘ। এতে কারিগরি সহায়তা দেয় ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল। চক্ষু ক্যাম্পের উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

পারি ডেভলপমেন্ট ট্রাস্টের ‘নিরাপদ’ প্রকল্পের ব্যবস্থাপক কমল পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জোনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এম এ রায়হান প্রমুখ।
আয়োজকেরা জানান, দিনব্যাপী এ কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলার অসহায় ও দুস্থসহ দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে।




