
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় হাফেজ আলী (৬৮) নামে এক বৃদ্ধ রিক্সা চালক ভোগাই নদীর ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে ভেসে যাওয়ার ৩ দিন পর পার্শ্ববতী ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের কংশ নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ আগস্ট রবিবার দুপুরে হালুয়াঘাট উপজেলার কংশ নদীর শাক্ষুয়াই এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাফেজ আলী নালিতাবাড়ী ইউনিয়নের নিচপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
জানা যায়, ২৪ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিচপাড়া এলাকায় ভোগাই নদীর ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয় হাফেজ আলী। অনেক খোঁজাখুঁজি করার পর রবিবার দুপুরে স্থানীয়রা কংশ নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করলে নিখোজ হওয়া হাফেজ আলীর আত্মীয়-স্বজনরা তার লাশ সনাক্ত করে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার উজানে ভারী বর্ষন ও বৃষ্টির কারণে হঠাৎ নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে আকস্মিক ঢল আসে, ঢলের পানির সাথে পাহাড় থেকে লাকরি ভেসে আসতে থাকে।ঐদিন এলাকার অনেক লোকজনের সাথে হাফেজ আলী রশীতে আংটা লাগিয়ে নদীর পাড়ে দাড়ীয়ে লাকরি ধরতে ছিল,এসময় আংটায় একটি বড় লাকরি আটকিলে রশী জোরে টানতে গিয়ে হঠাত পা পিছলে নদীর পার থেকে ঢলের পানির গভীর ¯্রােতে পড়ে ভেসে যায় হাফেজ, পরে অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি ।
নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হালুয়াঘাট থানায় আইনী প্রক্রিয়া সমপূর্ণ করে তার মরদেহ নালিতাবাড়ীতে আনার প্রস্তুতি চলছে।





