শ্যামলবাংলা ডেস্ক : জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। সারা দেশে ১ নভেম্বর সকাল ১০টায় এ পরীক্ষা একযোগে শুরু হয়। এবার এ পরীক্ষায় সারা দেশে অংশ নিচ্ছে ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। অন্যান্য বছরের মতো এবারও মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রের সংখ্যা ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন। প্রথমদিন জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা নেয়া হচ্ছে।
এবার জেএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৪৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। তাদের সংখ্যা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরও জানাতে পারেনি। তবে বেসরকারি এক হিসাবে দেখা গেছে, সরকারি প্রাধমিক বিদ্যালয় থেকে প্রায় ১৫ হাজার পরীক্ষার্থী রয়েছে।
এবার মোট পরীক্ষার্থীর মধ্যে জেএসসিতে অংশ নেবে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ২৪১ জন। এসব পরীক্ষার্থী বিদেশের ৮টিসহ ২ হাজার ৬২৭টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা দেবে। শিক্ষামন্ত্রী আজ পরীক্ষার পরিবেশ দেখতে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করবেন। শিক্ষাসচিব নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও তার সঙ্গে থাকবেন।




