আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

৪ জানুয়ারি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথসহ সামগ্রিক পরিবেশ ও সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তারা এলাকায় উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান করেন।

ওইসময় সময় এনএসআই-এর উপ-পরিচালক মো. ইফতেখারুল হক, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া-সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷




