শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরবর্তীতে পরিবহনের মাধ্যমে পাচারকালে ২ ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ২ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ওইসময় বালুভর্তি ১টি মাহেন্দ্র ও ১টি শ্যালোইঞ্জিনচালিত ট্রলি গাড়ি আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ২ ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ওইসময় শ্রীবরদী থানার এসআই মো: মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো ইনসান আলীসহ পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




