শেরপুরে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, খেলাধুলার যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। একইসাথে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার মেজর তারেক আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ ও শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম রেজাউল করিম জুয়েল। ওইসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ফরিদ আহমেদ লুলু, জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও উত্তরা স্পেশালাইজড হাসপাতালের সহায়তায় আয়োজিত ওই টুর্নামেন্টে জেলার মোট ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে শ্রীবরদী উপজেলা বনাম ঝিনাইগাতী উপজেলা দল অংশ নেয়।




