সেই যে কবে গেছে খোকা
ফিরছে না আর ঘরে!
ফিরছে সবাই খোকাই বোকা
এখনও কী করে!
কেঁদে কেঁদে চোখ হারালাম
স্বর হারালাম গলার
শরীর ও মন সব হারালাম
কী আছে পথ চলার
থাকলে পাশে আমার খোকা
রাখতো বুকে ধরে।
খোকা যদি থাকতো পাশে
খোঁজ নিতো সে কতো
একাত্তরে যুদ্ধে যাওয়ার
আগের দিনের মতো।
খোকা বুঝি ঘুমিয়ে গেছে
বুকে গুলি নিয়ে
কেউ বলে না কোথায় আছে
যেতাম তো এগিয়ে
আবার তাকে সাজিয়ে দিতাম
শুধুই দেশের তরে।।




