ads

শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধানের শীষ জেতায় বাজির মহিষ নিয়ে বাড়ি ফিরলেন মান্নান, এলাকায় উৎসবের আমেজ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান। পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের জামায়াতে ইসলামীর সমর্থক আমীর হোসেনের সঙ্গে নির্বাচনের ফলাফল নিয়ে তিনি মজার ছলে একটি বাজি ধরেছিলেন।

Shamol Bangla Ads

বাজির শর্ত ছিল—শেরপুর–২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুল মান্নান আমীর হোসেনকে ৬টি মহিষ দেবেন। আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আব্দুল মান্নান পাবেন ১টি মহিষ।

পরে গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত নির্বাচনী ফলাফলে শেরপুর–২ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়। ফলে বাজির শর্ত অনুযায়ী আব্দুল মান্নান আজ শুক্রবার সকালে ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে আমীর হোসেনের বাড়ি থেকে একটি মহিষ নিয়ে বাড়ি ফেরেন।

Shamol Bangla Ads

আব্দুল মান্নান বলেন, “আমি আগে থেকেই বলেছিলাম ধানের শীষই জিতবে। তাই মজা করে বাজি ধরেছিলাম। ফলাফল হওয়ার পর শর্ত অনুযায়ী মহিষ নিয়ে বাড়ি ফিরেছি।”

মহিষ নিয়ে মান্নানের বাড়ি ফেরার খবরে নাকশী গ্রামসহ আশপাশের এলাকায় আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় লোকজন বিষয়টিকে ঘিরে হাসি-আনন্দ করেন। অনেকেই মান্নানকে অভিনন্দন জানাতে বাড়িতে ভিড় করেন।

আব্দুল মান্নানের ছেলে সোহেল মিয়া বলেন, “আমার আব্বা বাজিতে মহিষ জেতায় আমরা সকালে ব্যান্ড পার্টি নিয়ে জামায়াতের ওই সমর্থকের বাড়ি থেকে মহিষ নিয়ে এসেছি।”

স্থানীয় বাসিন্দা রিয়াজ আহম্মেদ বলেন, “এটা আসলে মজার বাজি ছিল। কিন্তু ফলাফল হওয়ার পর মহিষ নিয়ে বাজনা বাজিয়ে যেভাবে মান্নান ভাই বাড়ি ফিরেছেন, সেটা দেখতে সবাই বের হয়ে এসেছিল।”

এ বিষয়ে কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, “আমীর হোসেন ও আব্দুল মান্নানের মধ্যে নানা-নাতীনের সম্পর্ক। তাঁরা মজার ছলেই বাজি ধরেছিল। আজ বাজনাসহ বাজার ঘুরে মান্নান সেই মহিষ তার বাড়িতে নিয়ে যায়। তাঁদের মধ্যে এখনো ভালো সম্পর্ক রয়েছে।”

Need Ads
error: কপি হবে না!