শেরপুরের নকলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

ওইসময় তিনি বলেন, সরকার ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে। ধান-চাল সংগ্রহে যাতে কোনো প্রকার অনিয়ম না হয়, সে ব্যাপারে প্রশাসন সতর্ক আছে। প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী ধান-চাল সংগ্রহ নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. খলিলুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মো. গোলাম সারোয়ার, খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিক, কৃষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, উপজেলায় এবার ১১৯ মেট্রিক টন ধান এবং ২০৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক ৩৪ টাকা কেজি দরে ৩ মেট্রিক টন ধান গুদামে বিক্রয় করতে পারবেন। চুক্তিবদ্ধ ১০টি রাইস মিল এর মালিক ৫০ টাকা কেজি দরে চাল সরবরাহ করবেন।



