দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভু? ভারতীয় সংবাদমাধ্যমে জোরালো গুঞ্জন, সোমবার সকালে বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি বা ঘোষণা না আসায় বিষয়টিকে ‘গোপন বিয়ে’ হিসেবেই অভিহিত করা হচ্ছে।

সূত্রের খবর, সোমবার সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে অত্যন্ত ছিমছাম আয়োজনে এই বিয়ে সম্পন্ন হয়। ঈশা ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত এই মন্দিরের অনুষ্ঠানে দুই পক্ষের মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন। জানা গেছে, বিয়ের সাজে সামান্থার পরনে ছিল লাল শাড়ি এবং রাজ সেজেছিলেন দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে। বিবাহবিচ্ছেদের পর থেকেই সদগুরুর ঈশা ফাউন্ডেশনে সামান্থার যাতায়াত বেড়েছিল, আর সেখানেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।
২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সামান্থা। পরবর্তীতে ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। শোনা যায়, তারা লিভ-ইন সম্পর্কেও ছিলেন। সামান্থা নিজেও বিভিন্ন সময়ে রাজের সঙ্গে তিরুপতি মন্দির ভ্রমণ বা ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন।

গত বছরের ডিসেম্বরে নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করার পর থেকেই সামান্থা ও রাজের বিয়ের গুঞ্জন তীব্র হতে থাকে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো বলে ধারণা করা হচ্ছে। তবে ভক্তরা এখন অপেক্ষা করছেন নবদম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার।



