দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওইসব বীজ-সার বিতরণ করা হয়।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্ব বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনউজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, উপসহকারী কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ উপজেলার ২০২৫-২৬ অর্থবছরে সরকারি এ প্রণোদনার আওতায় বিভিন্ন ফসলের উপরে ২ হাজার ৭১০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। এর মধ্যে সরিষা বীজ ২ হাজার ৫০০, পেঁয়াজ বীজ ৩০, গম বীজ ১৭০, মসুর বীজ ১০ জনকে দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান, সরকারি প্রণোদণায় কৃষকরা বেশ উপকৃত হচ্ছে।। বিনামূল্যে এ সব বীজ ও সার পাওয়ায় কৃষকরা বেশ উপকৃত হবেন। আগামীতে এ সব ফসলের আবাদ আরও বাড়বে। ইতোমধ্যে কৃষকরা এ সব বীজ রোপণের জন্য মাঠ প্রস্তুত করেছেন।




