শেরপুরের নালিতাবাড়ীতে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ আগস্ট রবিবার রাতে উপজেলার সীমান্তবর্তী কালাকুমা এলাকা থেকে তাদের গ্রেফতারের পর সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পলাশীকুড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪) ও কয়ড়াকুঁড়ি গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে শেখ সাদী (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার চারআলী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে থামতে বলে পুলিশ। এদিকে মোটরসাইকেল আরোহীরা পুলিশকে এড়িয়ে দ্রুত বেগে চলে গেলে পুলিশও তাদের পিছু নেয়। পরে উপজেলায় কালাকুমা এলাকায় পৌছলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ। এসময় তল্লাশী চালিয়ে দুই কেজি গাঁজাসহ নজরুল ইসলাম ও শেখ সাদী নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতারের পর সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




