শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি যান্ত্রিকীকরণের অংশ হিসেবে ২০২৪-২৫ অর্খবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ পদ্ধতিতে উৎপাদিত বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। ১২ মে সোমবার দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের দুপুরিয়া গ্রামের মাঠে ওই ধান কাটার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। উদ্বোধন শেষে সমলয় পদ্ধতিতে আবাদকৃত বোরো ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা শুরু করা হয়।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, খন্দকার মঞ্জুরুল হক, রবিউল আলমসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, চলতি বোরো মৌসুমে সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় এ উপজেলার ৫০ জন কৃষক ৫০ একর জমিতে আধুনিক যন্ত্রের ব্যবহার করে সমলয় পদ্ধতিতে ধানের বীজ বপন ও চারা রোপন করেন। এখন কম্বাইন হারভেস্টরের মাধ্যমে ধান কাটাও হচ্ছে। এতে শ্রমিক সংকট নিরসন, সময়ের অপচয়রোধ ও কৃষকের খরচও কমছে। পাশাপাশি বেড়েছে ধানের ফলন। এ পদ্ধতিতে বিঘা প্রতি ৩৫-৪০ মন ধান উৎপাদন হয়।

তিনি আরও বলেন, এ পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষকদের বিনামূল্যে বীজ, ২ টন ডিএপি সার, আড়াই টন এমওপি সার, সাড়ে ৪ টন ইউরিয়া সার প্রদান করা হয়। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণের জন্য সাড়ে ৪ হাজার সীডলিং ট্রে-তে বীজতলা করা হয়। চারার বয়স ২৮-৩০ দিন হলে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ওই প্রদর্শনী প্লটে ধানের চারা রোপন করা হয়। এ কর্মসূচির আওতাভুক্ত ও পার্শ্ববর্তী কৃষকদের কৃষি যন্ত্রের ব্যবহার ও সমলয় চাষাবাদে উদ্বুদ্ধকরণ এবং শ্রমিকের বদলে মেশিনের ব্যবহারে উৎপাদন ব্যয় কমিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।




