শেরপুরে পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫। ১৭ ফেব্রুয়ারি সোমবার উদ্বোধনী খেলায় শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল ১০ উইকেটে জামালপুর জেলা পুলিশ ক্রিকেট দলকে পরাজিত করে শুভসূচনা করেছে। সকালে খেলা শুরুর আগে বেলুন ফেস্টুন উড়িয়ে এ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে জামালপুর জেলা পুলিশ ক্রিকেট দল। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও অনবদ্য ফিল্ডিংয়ের মুখে জামালপুর জেলা পুলিশ ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল ৭ দশমিক ৪ ওভারে কোন উইকেট না হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল ১০ উইকেটে জয়লাভ করে।
দিনের অপর খেলায় নেত্রকোনা জেলা পুলিশ ক্রিকেট দলের বিপক্ষে ৪৮ রানে জয়লাভ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল।
শেরপুর পুলিশ লাইন্স মাঠে এবারের ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্ট রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে ৪টি জেলার ৪টি পুলিশ দল টি-২০ ফরমেটে অংশগ্রহণ করছে।

শেরপুর জেলা পুলিশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ময়মনসিংহ রেঞ্জের ৪টি জেলার ৪টি পুলিশ ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তা ও খেলার পরিচালকদের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিমসহ জেলা পুলিশ ও রেঞ্জ অধীন অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




