আন্তর্জাতিক ব্যস্ততা শেষে কলকাতা শিবিরে যোগ দিলেন লিটন দাস। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে কলকাতা পৌঁছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

জানা যায়, এবারই প্রথম আইপিএলে খেলতে গেলেন লিটন। আইপিএলকে একটা বড় প্ল্যাটফর্ম মনে করেন লিটন। দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে লিটন বলেন, আমি মনে করি এটা একটা সুযোগ। এ রকম একটা ইভেন্টে কখনও যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি।
সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চান লিটন। মুখে আত্মবিশ্বাসী সংলাপ, ‘দেখুন, একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। কিন্তু দলটাও ভিন্ন দল। কখনই ফ্র্যাঞ্চাইজি লিগ আমি খেলতে যাইনি। তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করবো ভালো খেলার। ’

সংস্করণ যে রকমই হোক, ব্যাটিংয়ের সঙ্গে টি-টোয়েন্টি যায় কি না, জানি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এভাবে খেললে আমার জন্য ভালো অপশন হবে, আমি খেলেছি। আর প্রস্তুত বলতে অবশ্যই অনুশীলন করেছি অনেকদিন ধরে, অনেকদিন ধরে খেলছি। দেখা যাক কী হয়।’
লিটনের সঙ্গে কলকাতার শিবিরে যোগ দেওয়ার কথা ছিল সাকিবেরও। কিন্তু সাকিব এবারের আইপিএল খেলছেন না। তা নিয়ে লিটনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, যদি সাকিব ভাইয়ের সঙ্গে যেতে পারতাম খুব ভালো লাগতো। একই দেশের খেলোয়াড়, একই ড্রেসিংরুম শেয়ার করতাম, খুব ভালো লাগতো। কোনো কারণে হয়তো তিনি যাচ্ছেন না।




